২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের অপেক্ষার ইতি ১০ নভেম্বর

সরকারিকরণে শিক্ষকদের প্রায় দুই দশকের আন্দোলনের ফল পেতে যাচ্ছে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত ঘোষণা দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারিকরণে শিক্ষকদের প্রায় দুই দশকের আন্দোলনের ফল পেতে যাচ্ছে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত ঘোষণা দেবেন। বুধবার রাতে জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “১০ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রতিনিধি সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেবেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে আমাকে চিঠি দেয়া হয়েছে।” “ওই সমাবেশে যেসব শিক্ষক অংশ নেবেন তাদের তালিকা চেয়ে বুধবার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক চিঠি দিয়েছেন,” বলেন তিনি। জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) ও বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চারটি সংগঠনের সমন্বয়ে জাতীয় (রেজি.) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ দাবি আদায়ে আন্দোলন করে আসছিল। এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, “শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক মহাসমাবেশ থেকে জাতীয়করণের এই ঘোষণা দেবেন। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ধাপে ধাপে স্কুলগুলো জাতীয়করণ করা হবে।” এই ঘোষণার মধ্য দিয়ে নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ তিন হাজার শিক্ষককের চাকরি সরকারিকরণ করা হবে বলে জানান তিনি। রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ দিনের আন্দোলনের পর গত ২৭ মে প্রধানমন্ত্রী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেন। এর পর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের রূপরেখা চূড়ান্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রূপরেখার সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, চাকরি জাতীয়করণের দাবিতে ১৯৯১ সাল থেকে তাদের আন্দোলন শুরু হয়। এ দাবিতে ১৯৯৭ সালে ঢাকার ওসমানী ঊদ্যানে শিক্ষকরা আমরণ অনশন করেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশন ভাঙালেও কোনো ব্যবস্থা নেননি। তবে ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীনের এমন ঘোষণায় ফুঁসে ওঠে শিক্ষকরা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক। সর্বশেষ অব্যহত আন্দোলনের মুখে ২৭ মে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন শিক্ষক মহাসমাবেশ থেকে বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৪৭ ঘ.