চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই কোটি ৬০ লাখ টাকার নেটওয়ার্কিং প্রকল্প অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে হেকেপ’র আওতায় ‘ক্যাম্পাস নেটওয়ার্ক বাস্তবায়ন চুক্তি’র অধীনে এই প্রকল্প অনুমোদন করা হয়েছে।
রোববার ঢাকায় ইউজিসি ভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প অনুমোদন করা হয়।
চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সহজে বিশ্ব ভান্ডারে প্রবেশ করতে সক্ষম হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে ওই প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ, সদস্য অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরেক সদস্য অধ্যাপক ড. মুহিবুর রহমান, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ড. মোখলেসুর রহমান।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/আরএ/১৮৩৯ ঘ.
bdnews24