ইবি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি হাতবোমা ও ধারাল অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে গ্রেপ্তার এই চারজনই বহিরাগত বলে ইবি থানার ওসি মনির উদ্দিন মোল্যা জানিয়েছেন।
গ্রেপ্তার চারজন হলেন মো. পিকুল, তুষার, সিদ্দিকুর রহমান ও সোনা মিয়া।
কর্মচারী নিয়োগ নিয়ে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রলীগ ও বহিরাগতদের ভাংচুরের দুদিন পর এরা গ্রেপ্তার হলেন।
পিকুল সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করেছিলাম। রেজাল্ট দেখার জন্য ক্যাম্পাসে যাওয়ার পথে পুলিশ আটক করে।”
তবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, পিকুলের কাছে হাতবোমা দুটি পাওয়া যায়। ধারাল অস্ত্রটি ছিল তুষারের কাছে।
এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহের পরিবহন ধর্মঘটের কারণে ক্যাম্পাসে কোনো গাড়ি না আসায় শনিবার ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন এবং শিক্ষক-কর্মকর্তারা পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।
বৃহস্পতিবারের ভাংচুরের কারণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। র্যাবকেও টহলে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24