ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সরকার সমর্থক ছাত্রলীগের হামলার ঘটনায় একটি তথ্য অনুসন্ধান কমিটি করেছে সিন্ডিকেট।
বুধবার রাতে সিন্ডিকেটের সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শহীদ আখতার হোসাইনকে প্রধান করে আট সদস্যের এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার ঘটনায় সিন্ডিকেট নিন্দা জানিয়েছে। কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।”
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে তিন ছাত্রদলকর্মীকে মারধর করে ছাত্রলীগ।
সিন্ডিকেটের সভায় সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুজ্জামানের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০৪৫ ঘ.
bdnews24