চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ভর্তির আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
আগামী ৩১ অক্টোবর আবেদন কার্যক্রম শেষ হয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞান গ্রুপে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার চতুর্থ বিষয় ছাড়া সর্বমোট ন্যূনতম জিপিএ ৬ দশমিক ৫ এবং যে কোন একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ প্রাপ্তরা আবেদন করতে পারবে।
এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়সমূহের প্রত্যেকটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ-২ থাকতে হবে।
২০১২-১৩ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অনুষদে (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ৭৫ জন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে (বিএসসি ইন ফুড সায়েন্স) ৬০ জন এবং ফিশারিজ অনুষদে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এছাড়াও তিনটি অনুষদে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় মোট আটজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফি ধরা হয়েছে আটশ টাকা।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৫০০ ঘ.
bdnews24