শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় মাসের ব্যবধানে একই প্রশ্নপত্রে দুই বিভাগের পরীক্ষা নেওয়ার ‘ভুল’ স্বীকার করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিবের পদ ছেড়ে দিয়েছেন প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়।
রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “হিমাদ্রী শেখরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন সদস্য সচিব হিসেবে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসনুজ্জামান শ্যামলকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
হিমাদ্রী শেখর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।
গত ০১ জুলাই ২০১১-১২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় যে প্রশ্নপত্রে ইংরেজি পরীক্ষা দেন, একই প্রশ্নে গত ১৩ অগাস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) পরীক্ষা নেয়া হয়।
এ সময় ইংরেজি বিভাগের সেমিস্টার পরীক্ষার সভাপতির দায়িত্বে ছিলেন হিমাদ্রী শেখর।
বিষয়টি প্রকাশ হওয়ার পর প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগ এনে ড. হিমাদ্রীকে প্রক্টর ও ভর্তি পরীক্ষার সদস্য সচিবের পদ থেকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা। একই অভিযোগ আনেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকরাও।
স্মারকলিপিতে বলা হয়, একই প্রশ্নপত্র দিয়ে দুই পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত নয়। ইংরেজি বিভাগের এ অবস্থা দুঃখজনক। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও বিধিকে সমুন্নত রাখতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমি বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতি ছিলাম তাই আমার ভুলের কারণেই একই প্রশ্নপত্র দিয়ে দুই বিভাগের পরীক্ষা হয়েছে। একসঙ্গে অনেক দায়িত্ব পালন করতে গিয়ে এই ভুল হয়েছে।”
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত। তাই এক সঙ্গে প্রক্টর ও ভর্তি কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বলে আমি পদত্যাগ করেছি, বলেন হিমাদ্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24