জাবি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করা এবং এর জের ধরে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় মামলায় পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
তাদের দাবি, ঘটনার সময় ক্যাম্পাসে অবস্থান না করলেও তাদের বিরুদ্ধে মামলা দেওয়ায় গ্রামের বাড়িতে পুলিশ গিয়ে তাদের পরিবারকে হয়রানি করছে।
হয়রানি না করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপ চেয়ে মীর মশাররফ হোসেন হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপিও বুধবার প্রশাসনকে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র তাহমিদুল ইসলাম লিখনকে গত ১ অগাস্ট রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
হামলায় জড়িত সন্দেহে পুলিশ মীর মশাররফ হোসেন হল থেকে একজনকে আটক করতে গেলে হলের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় পুলিশের রবার বুলেটে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি এবং লিখনের মা বাদি হয়ে সাভার থানায় একটি মামলা করেন।
হয়রানির শিকার ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ছিলাম। আমরা ভাংচুর-সহিংসতায় অংশ নিলাম কখন। প্রতিদিন গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে পুলিশ হানা দিচ্ছে, বাবার কাছে উৎকোচ চাইছে।”
গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রবিন কর্মকার বলেন, “বরিশালে আমার গ্রামের বাড়িতে পুলিশ প্রতিদিন আমার পরিবারকে হয়রানি করছে।”
ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফুটবলার রবিউল ইসলাম ঘটনার দুইদিন আগে থেকে রেফারির দায়িত্ব পালন করতে পাবনায় অবস্থান করলেও আশুলিয়া থানায় তার নামে মামলা হয়েছে। পুলিশ পাবনার আতাইকুলে তার গ্রামের বাড়িতে প্রতিদিন তার খোঁজে যাচ্ছে।
রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ক্রীড়া সংস্থা, জেলা রেফারি সমিতির প্রত্যয়নপত্র দেখিয়েও রেহাই মিলছে না আমার।”
সাধারণ শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্মারকলিপি বিষয়ে কিছুই জানি না। তবে সাধারণ শিক্ষার্থী যারা সম্úৃক্ত ছিল না, তাদের বিষয়টি দেখা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24