ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপউপাচর্যকে অপসারণ এবং মামলা প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে দ্রুত ক্লাসে ফেরার কথা জানিয়েছেন বুয়েট শিক্ষকরা।
সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের শিক্ষা কার্যক্রমে ফেরাতে রাজি করান।
রাত সোয়া ১১টায় বৈঠক শুরুর পর তা শেষ করে রাত সোয়া ১টার দিকে মিন্টো রোডের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ও বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রোভিসিকে আমরা প্রত্যাহার করে নেব। মামলাও দ্রুত প্রত্যাহার করা হবে।”
এছাড়া বুয়েট প্রশাসনের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ এসেছে সেগুলোর বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা আবার শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন এবং বুয়েট সচল হবে।
তবে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উপাচার্যকে অপসারণের কোনো সিদ্ধান্ত এ বৈঠকে হয়নি।
শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “মামলাগুলো প্রত্যাহার করা হবে। (তিনি) বলেছেন, এগুলো প্রত্যাহার হয়ে গেল বলে ধরে নেন। আমরা তা ধরে নিয়েছি। প্রোভিসিকে প্রত্যাহার করা হচ্ছে। অন্যসব বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশ্বস্ত হয়েছি।”
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামকে অপসারণের দাবি ছিল শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান দাবি। সেই বিষয়ে পরবর্তীতে ‘প্রয়োজনীয়’ ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী দিয়েছেন বলে অধ্যাপক মুজিবুর জানান।
বৈঠকে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মাকসুদ হেলালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২-১ দিনের মধ্যে উপউপাচার্যকে প্রত্যাহার করা হবে বলে বলে জানানো হয়েছে। অনিয়মের যে সব অভিযোগ রয়েছে, তা তদন্তেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
আশ্বস্ত হওয়ার পর মঙ্গলবার থেকে বুয়েটে ক্লাস শুরু হবে কি না- জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর বলেন, “আমরা বুয়েটে স্বাভাবিক কার্যক্রম শিগগিরই ফিরিয়ে আনব। আমরা আশা করছি, দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করব।”
মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে কি না- সুনির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রীর আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা রয়েছেন। কাল সকালে সভা করব। সবাইকে সমগ্র বিষয়টি অবহিত করব। দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।”
অচল বুয়েট সচল করার উদ্যোগে সন্ধ্যায় শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রী। এর আগে দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েটের সার্বিক বিষয়ের সমাধানের জন্য আমরা কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা করছি। আশা করি শিগগিরই সমাধান হবে।”
শিক্ষামন্ত্রীর ডাক পাওয়ার পর রাতে ক্যাম্পাসে বুয়েট শিক্ষক সমিতি বৈঠকে বসে। ওই বৈঠকের পর কমিটির সদস্যরা মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর বাড়িতে যান।
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপউপাচর্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে এর আগে সোমবার দিনভর উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস।
রোববারের বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দুটি মামলা করলে সোমবার বিক্ষোভ তীব্র রূপ নেয়।
শিক্ষার্থীরা ‘স্বেচ্ছায় রক্তপাত’ কর্মসূচি এবং পলাশী মোড়ে সড়কে অবস্থান নিয়ে সড়কে প্রতিবাদী চিত্র আঁকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে শিক্ষকরাও ছিলেন।
পরে মামলা প্রত্যাহারের মৌখিক আশ্বাসে বিকালে কর্মসূচি দিনের মতো স্থগিত করে শিক্ষার্থীরা।
অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য ও উপউপাচর্যের পদত্যাগ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলনে বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়। তবে তারা দুজনই নিজে থেকে সরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এরপর তাদের অপসারণের দাবি ওঠে।
আন্দোলনের মুখে বুয়েটে ঈদের ছুটি অনেক আগেই ঘোষণা করে কর্তৃপক্ষ। ঈদের পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা কিছুই হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/০১৪১ ঘ.
bdnews24