২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা বুয়েট কর্তৃপক্ষের

৪৯ জনের নাম উল্লেখ করে প্রায় একশ শিক্ষক-ছাত্রকে আসামি করা হয়েছে দুই মামলায়। আনা হয়েছে উপাচার্য ও উপ উপাচার্যের কক্ষে হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 04:19 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপ উপাচার্যের কক্ষে হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ এনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েটের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কুদ্দুস খান রোববার রাত ১১টার পর রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করেন। শাহবাগের ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মামলায় মোট ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে আরো ৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে। বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ড. আতাউর রহমান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এহসানের নামও রয়েছে এ মামলার আসামির তালিকায়। প্রথম মামলায় আসামি করা হয়েছে ২০ শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীকে। উপাচার্য এস এম নজরুল ইসলামের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় আসামির তালিকায় ১৯ শিক্ষক ও ৫ শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি দেখানো হয়েছে আরো ৫০ জনকে। উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের কক্ষে হামলা, ভাংচুর ও নথি তছনছের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলায় আসামির তালিকায় থাকা শিক্ষকদের মধ্যে শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক মাকসুদ হেলালী ও ড. মাহবুব রাজ্জাকও রয়েছেন। এদিকে মামলা হওয়ার পর একদল পুলিশ রাতেই ক্যাম্পসে গিয়ে আন্দোলনকারীদের কিছু সময় ঘিরে রাখে। এ সময় শিক্ষার্থীদের মাঝে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রোববার বহিরাগত ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের দরজায় লাথি মারে এবং আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এর জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণ চেয়ে তাদের কুশপুত্তলিকা পোড়ানোর পর রোববার পদত্যাগের জন্য তাদের আরেক দফা সময় বেঁধে দেয় বুয়েটের শিক্ষার্থীরা। অচল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে রাতেও কর্মসূচি চালিয়ে যায় তারা। শিক্ষার্থীরা বলেছে, সোমবার সকাল ১১টার মধ্যে পদত্যাগ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের এ কর্মসূচিতে একাত্ম শিক্ষকরাও, যারা প্রথমে উপাচার্য ও উপউপাচর্যের পদত্যাগের দাবি তুলেছিলেন। শনিবার বিক্ষোভের পর উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে রোববার সকাল ১০টার মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু সে ধরনের কোনো ঘোষণা না আসায় রোববার বেলা ১১টার দিকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে শিক্ষকরাও যোগ দেন। এর মধ্যেই বুয়েট ছাত্রলীগের প্রায় ৫০ জন কর্মীকে শাদা টি-শার্ট গায়ে দিয়ে ক্যাফেটেরিয়ার সামনে জড়ো হতে দেখা যায়। তাদের টি-শার্টে লেখা ছিল ‘সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাসকে আন্দোলনের বাইরে রাখুন’। এর কিছুক্ষণ পর তারা ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ’ লেখা একটি ব্যানার নিয়ে ক্যাম্পাসে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল ‘অবিলম্বে ক্লাস শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ’। ছাত্রলীগকর্মীরা দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষকদের সমাবেশস্থলে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনরতরা উপাচার্য ও উপউপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে- এমন অভিযোগ তুলে ছাত্রলীগকর্মীরা প্রশাসনিক ভবনের দোতলায় যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ছাত্রলীগকর্মীরা ওপরে গিয়ে ফেরার সময় আন্দোলনরতদের সমাবেশের মাইক কেড়ে নেয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে তারা মাইক ফেরত দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, সমাবেশে ‘বাধা সৃষ্টিকারী’ ছাত্রলীগকর্মীদের মধ্যে গুটিকয়েকই এখন ছাত্র, বাকিরা বহিরাগত। এ বিষয়ে বুয়েটের প্রক্টর ড. হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, “কিছু বহিরাগত হামলা করে আমাদের আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছে। তবে আমরা ভীত নই।” বুয়েটে ছাত্রলীগের কোনো কমিটি কার্যকর না থাকলেও চলমান আন্দোলনের বিরোধিতায় ছাত্রলীগকর্মীদের সক্রিয়তা শনিবারও দেখা যায়। তবে রোববারই প্রথম তারা সংগঠিত কোনো প্রকাশ্য অবস্থান নিল। এর আগে শনিবার দুপুরে শিক্ষক নেতারা উপাচার্য ও উপউপাচর্যের সঙ্গে দেখা করতে গেলে বুয়েট ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তন্ময় বিশ্বাস, সহসভাপতি পলাশসহ কয়েকজন সেখানে যান। ওই সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতারা তাদের হুমকি দেন। তারা বলেন, এই খবর কিংবা ছবি প্রকাশ হলে সাংবাদিকদের বুয়েটে ঢোকা বন্ধ করে দেওয়া হবে। পদত্যাগের কথা ভাবছেন কি না- এ প্রশ্নের জবাবে উপাচার্য এস এম নজরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। শিক্ষকবৃন্দ গতকাল আমার সঙ্গে আলোচনা করেছেন, আমি তাদের কথা শুনেছি, আমার কথাও তাদের জানিয়েছে।” “সরকারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত,” যোগ করেন তিনি। গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এরপর শনিবার থেকে শিক্ষার্থীরাও আন্দোলনে নামে। এতে চলতি বছর প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমও অনিশ্চয়তায় পড়েছে। উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল কর্মবিরতি শুরু করে বুয়েট শিক্ষক সমিতি। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় তারা। ওই কর্মসূচি দেওয়ার পর গত ১০ জুলাই রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণা করেন উপাচার্য। এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর ১৪ অগাস্ট আদালত ‘আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ রুল জারি করলে আন্দোলনের নতুন কোনো কর্মসূচি দেয়নি শিক্ষক সমিতি। তবে আদালত অবমাননা এড়াতে ‘কৌশলে’ আন্দোলন চালাচ্ছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৫ ঘ.