ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপউপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানোর পর পদত্যাগের জন্য তাদের আরেক দফা সময় বেঁধে দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা।
অচল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে রোববার দিনভর অবস্থান নিয়ে সে কর্মসূচি রাতেও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেছেন, সোমবার সকাল ১১টার মধ্যে পদত্যাগ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীদের এ কর্মসূচিতে একাত্ম শিক্ষকরাও, যারা প্রথমে উপাচার্য ও উপউপাচর্যের পদত্যাগের দাবি তুলেছিলেন।
এদিকে উপাচার্যের কার্যালয়ে হামলার অভিযোগ তুলে রাতে শাহবাগ থানায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বুয়েট কর্তৃপক্ষের পক্ষে এক কর্মকর্তার করা এই মামলায় কয়েকজন শিক্ষক ও ছাত্রের নাম উল্লেখ করে শতাধিক জনকে আসামি করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
অন্যদিকে বেশিরভাগ শিক্ষার্থীর আন্দোলনের বিপরীতে ক্লাস শুরুর দাবিতে মাঠে নেমে আন্দোলনে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
শিক্ষকদের ক্লাস বর্জনে অচল বুয়েটে রোববার সকালে উপাচার্য ও উপউপাচার্যের কুশপুত্তলিকা পোড়ায় শিক্ষার্থীরা। এসময় শিক্ষকরাও সেখানে ছিলেন।
শনিবার বিক্ষোভের পর উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে রোববার সকাল ১০টার মধ্যে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছিল।
কিন্তু সেই ধরনের কোনো ঘোষণা না আসায় বেলা ১১টার দিকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। সেখানে শিক্ষকরাও যোগ দেন।
এর মধ্যেই বুয়েট ছাত্রলীগের প্রায় ৫০ জন কর্মীকে শাদা টি-শার্ট গায়ে দিয়ে ক্যাফেটেরিয়ার সামনে জড়ো হতে দেখা যায়। তাদের টি-শার্টে লেখা ছিল ‘সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাসকে আন্দোলনের বাইরে রাখুন’।
এর কিছুক্ষণ পর তারা ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ’ লেখা একটি ব্যানার নিয়ে ক্যাম্পাসে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল ‘অবিলম্বে ক্লাস শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ’।
ছাত্রলীগকর্মীরা দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষকদের সমাবেশস্থলে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।
আন্দোলনরতরা উপাচার্য ও উপউপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে- এমন অভিযোগ তুলে ছাত্রলীগকর্মীরা প্রশাসনিক ভবনের দোতলায় যেতে চাইলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
ছাত্রলীগকর্মীরা ওপরে গিয়ে ফেরার সময় আন্দোলনরতদের সমাবেশের মাইক কেড়ে নেয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে তারা মাইক ফেরত দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, সমাবেশে ‘বাধা সৃষ্টিকারী’ ছাত্রলীগকর্মীদের মধ্যে গুটিকয়েকই এখন ছাত্র, বাকিরা বহিরাগত।
এ বিষয়ে বুয়েটের প্রক্টর ড. হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, “কিছু বহিরাগত হামলা করে আমাদের আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছে। তবে আমরা ভীত নই।”
বুয়েটে ছাত্রলীগের কোনো কমিটি কার্যকর না থাকলেও চলমান আন্দোলনের বিরোধিতায় ছাত্রলীগকর্মীদের সক্রিয়তা শনিবারও দেখা যায়। তবে রোববারই প্রথম তারা সংগঠিত কোনো প্রকাশ্য অবস্থান নিল।
শনিবার দুপুরে শিক্ষক নেতারা উপাচার্য ও উপউপাচর্যের সঙ্গে দেখা করতে গেলে বুয়েট ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তন্ময় বিশ্বাস, সহসভাপতি পলাশসহ কয়েকজন সেখানে যান।
ওই সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতারা তাদের হুমকি দেন। তারা বলেন, এই খবর কিংবা ছবি প্রকাশ হলে সাংবাদিকদের বুয়েটে ঢোকা বন্ধ করে দেওয়া হবে।
রোববার বিকাল ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায়।
সেখানে তাদের দাবিদাওয়া ও বক্তব্য তুলে ধরেন যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ফয়সাল হাসান। তিনি বলেন, “আগামীকাল সকাল ১১টার মধ্যে উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।”
এর আগে, দুপুরে শিক্ষার্থীদের এ কর্মসূচিতে শিক্ষকদের অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে বুয়েটের প্রক্টর এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হুমায়ূন কবির বলেন, “আমরা আন্দোলন চালিয়ে যাব এবং উপাচার্য ও উপউপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।”
আন্দোলনরত শিক্ষকরা রোববারও কালো রঙের টি-শার্ট পড়ে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে যোগ দেন। তাদের টি-শার্টে লেখা ছিল ‘বুয়েটকে বাঁচান, উপাচার্য-উপউপাচার্যকে অপসারণ করুন’।
তবে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত দাবির মুখেও অনড় অবস্থানেই রয়েছেন উপাচার্য ও উপউপাচর্য।
পদত্যাগের কথা ভাবছেন কি না- এ প্রশ্নের জবাবে উপাচার্য এস এম নজরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। শিক্ষকবৃন্দ গতকাল আমার সঙ্গে আলোচনা করেছেন, আমি তাদের কথা শুনেছি, আমার কথাও তাদের জানিয়েছে।”
“সরকারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত,” যোগ করেন তিনি।
শনিবার বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানসহ কয়েকজন শিক্ষক উপাচার্য ও উপউপাচার্যের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ের ‘স্বার্থে’ তাদের সরে যাওয়ার আহ্বান জানান।
গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এরপর শনিবার থেকে শিক্ষার্থীরাও আন্দোলনে নামে। এতে চলতি বছর প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমও অনিশ্চয়তায় পড়েছে।
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল কর্মবিরতি শুরু করে বুয়েট শিক্ষক সমিতি।
প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় তারা।
ওই কর্মসূচি দেওয়ার পর গত ১০ জুলাই রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণা করেন উপাচার্য। এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর ১৪ অগাস্ট আদালত ‘আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ রুল জারি করলে আন্দোলনের নতুন কোনো কর্মসূচি দেয়নি শিক্ষক সমিতি। তবে আদালত অবমাননা এড়াতে ‘কৌশলে’ আন্দোলন চালাচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএমটি/এমআই/০০২৮ ঘ.
bdnews24