২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অশ্লীল’ মন্তব্যকারী শিক্ষকের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণীকক্ষে ছাত্রীদের প্রতি অশ্লীল মন্তব্যকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দেয়নি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 12:26 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণীকক্ষে ছাত্রীদের প্রতি অশ্লীল মন্তব্যকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দেয়নি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শাওন উদ্দীন ওই বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাসে ছাত্রীদের ‘পতিতা’র সঙ্গে তুলনা করে বক্তব্য দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। ওই শিক্ষককে বরখাস্তের দাবিতে শনিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা রবীন্দ্রকলা ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বাধা দেয়। এ সময় প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া আন্দোলনকারীদের নানা ভয়ভীতি দেখান বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন। ওই বিভাগের শিক্ষার্থী বিপুল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টর আমাদের অবস্থান কর্মসূচি পালনে বাধা দিয়েছেন। বিভাগের শিক্ষকরাও আমাদের নানাভাবে চাপ দিচ্ছেন।” “এছাড়া আমরা যেন সংবাদ মাধ্যমে কোনো তথ্য প্রকাশ না করি সেজন্যও শিক্ষকদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে,” বলেন তিনি। এ বিষয়ে প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য তাদের এই ধরনের কর্মসূচি করতে দেওয়া হয়নি।” এদিকে শিক্ষক শাওন উদ্দীনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে ওই শিক্ষাবর্ষের সব ক্লাস ও পরীক্ষাগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা বিভাগ। বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ওই শিক্ষককে সংশ্লিষ্ট বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা গ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।” এছাড়া ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ওই শিক্ষককে সর্তক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অধ্যাপক সাইফুল ইসলাম জানান, গত ২ অগাস্ট চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ৪০৫ নম্বর কোর্সের কোর্স শিক্ষক শাওন উদ্দিন ক্লাশ চলার এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর কথা বলেছেন বলে গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেন। “৫০০ টাকার বিনিময়ে তোমাদের (ছাত্রী) চেয়ে ভাল মেয়ে পাওয়া যাবে’’ বলে ওই শিক্ষক ক্লাসে মন্তব্য করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮২১ ঘ.