২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তি প্রক্রিয়া শুক্রবার মধ্যরাত থেকে শুরু

শুক্রবার মধ্যরাত থেকে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ করা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার মধ্যরাত থেকে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ করা শুরু হবে। আগামী ১৭ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। এরপর ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত চলবে। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র। তিনি বলেন, “প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন জমা নেওয়া ১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে শুরু হয়ে চলবে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।” বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদভুক্ত ৪৯টি বিভাগের ৩ হাজার ৪৭০টি আসনের বিপরীতে ১৬টি ইউনিটের আওতায় আবেদনপত্র গ্রহণ করা হবে বলে তিনি জানান। ৬ অক্টোবর থেকে কলা অনুষদের বিভাগগুলো দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ওইদিন এ-১, এ-২, এ-৩ ও এ-৪ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এ-৫, এ-৬, এ-৭ ও বি ইউনিটের পরীক্ষা। ৮ অক্টোবর সি-১, সি-২, ই এবং এইচ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর ডি, এফ-১, এফ-২ ও জি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। আবেদনকারীকে টেলিটক মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। এছাড়াও ভর্তির আবেদনের বিষয়ে সার্বিক সহায়তার জন্য ০১৫৫৫৫৫৫০১৭, ০১৫৫৫৫৫৫০১৮ ও ০১৫৫৫৫৫৫০১৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১২৫৫ ঙ.