২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেডিকেল ভর্তিচ্ছুদের কর্মসূচিতে বাধা

চট্টগ্রামে মেডিকেল ও ডেন্টাল কলেজে পরীক্ষার দাবিতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। সেখানে আটক করা হয়েছে অন্তত সাতজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মেডিকেল ও ডেন্টাল কলেজে পরীক্ষার দাবিতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। সেখানে আটক করা হয়েছে অন্তত সাতজনকে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর শহীদ মিনার চত্বরে মানববন্ধনের উদ্যোগ নিয়েছিল ভর্তিচ্ছু এই সব শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে শহীদ মিনারে জড়ো হতে থাকে। সেখান থেকে সাতজনকে ধরে নিয়ে যায় পুলিশ। আটকরা হলেন, জালাল আহমেদ, আবু সাদেক, সাথকাত আলী, মো. রিজভী, মো. বাঁধন, দীপঙ্কর ঘোষ ও ফখরউদ্দিন। কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম সাংবাদিকদের বলেন, “আগ্রাসী ভাব থাকায় ওই সাত জনকে আটক করা হয়।” মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে এদিন চট্টগ্রামে শহীদ মিনারে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যাওয়ার কথা ছিলো শিক্ষার্থীদের। সেখানে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করারও কর্মসূচি দিয়েছিল তারা। এতদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চলতি মাসে জানান, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ’র ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারের এ সিদ্ধান্তের পরপরই সারা দেশে আন্দোলন শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতেও পুলিশ বাধা দেয়। সেখান থেকে আটজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১২২২ ঘ.