ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৪৪ দিন বন্ধ শেষে খোলার পরও অচলাবস্থার নিরসন না হওয়ায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম।
সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠেয় সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে উপাচার্য রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের মুখে গত ১০ জুলাই বুয়েটে ছুটি ঘোষণা করা হয়। ঈদের পর শনিবার বিশ্ববিদ্যালয় খুললেও প্রথম দুদিন কোনো ক্লাস হয়নি।
উপাচার্য বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। আদালতের নির্দেশনা সত্বেও শিক্ষকরা ক্লাসে যাচ্ছেন না- এ বিষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।”
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ১৪ অগাস্ট হাই কোর্ট এক আদেশে বুয়েটের ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি শিক্ষকদের আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা নিয়ে একটি রুলও দেয়।
শুরু থেকে এই আন্দোলন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে হলেও খোলার পর সমিতি কোনো কর্মসূচি ঘোষণা করেনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক নেতা বলেছেন, আদালত অবমাননা এড়াতে তারা ব্যক্তিগতভাবে ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন।
শিক্ষকরা একাডেমিক কার্যক্রম বর্জন করায় বুয়েটে চলতি শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষা গ্রহণও অনিশ্চয়তায় পড়েছে।
শিক্ষকদের ক্লাসে যেতে সিন্ডিকেট থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে কি না- জানতে চাইলে অধ্যাপক নজরুল বলেন, “সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন।”
এদিকে বুয়েটের এই অচলাবস্থার মধ্যেই সাত দিনের রাষ্ট্রীয় সফরে মরিশাসে ‘কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার কনফারেন্স’-এ যোগ দিতে রোববার রাতে ঢাকা ছাড়ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
আন্দোলনের এক পর্যায়ে শিক্ষকরা গণপদত্যাগের ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রীর উদ্যোগের পর তারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
উপাচার্য নজরুল ইসলাম ও উপউপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল কর্মবিরতি শুরু করে বুয়েট শিক্ষক সমিতি।
প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যায়।
এর মধ্যেই গত ১০ জুলাই রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। বন্ধের মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীরা বেশ কিছুদিন কর্মসূচি চালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24