২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি হলে প্রবেশের নতুন নিয়ম বাতিলের দাবি

সংঘাতের কারণে আগেভাগে ঘোষিত ঈদের ছুটি শেষে ফের ক্লাস শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতের কারণে আগেভাগে ঘোষিত ঈদের ছুটি শেষে ফের ক্লাস শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে হলে প্রবেশ ও বটতলার খাবার দোকান বন্ধের নতুন নিয়ম বাতিলের দাবিতে ক্লাস শুরুর প্রথম দিন রোববারই ক্যাম্পাসের পরিবহন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের, কারো প্ররোচনা কিংবা উস্কানীতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হবে না আর।” গত ১ অগাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাহমিদুল ইসলাম লিখন দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার পর এক ছাত্রকে পুলিশ আটক করতে গেলে অশান্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পর দিনও ক্যাম্পাসে বিক্ষোভ অবরোধ চলতে থাকায় ঈদের ছুটি এগিয়ে এনে শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের শান্তি শৃংখলা বজিয়ে রাখার স্বার্থে ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়। এর মধ্যে পরিচয়পত্র দেখিয়ে সকাল ৮টা থেকে রাত ১১টার মধ্যে শিক্ষার্থীদের হলে প্রবেশের নিয়ম চালু, রাত ১১টার মধ্যে বটতলার খাবারের দোকানগুলোও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববারের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ছাত্র ইউনিয়ন সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি মৈত্রী বর্মণ ও সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ফিয়াজ শরীফ তমাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৪৯ ঘ.