ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৪৪ দিন বন্ধ থাকার পর বুয়েট খোলার দ্বিতীয়য় দিনেও কোনো ক্লাস হয়নি।
শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্দোলনের কোনো কর্মসূচি না থাকলেও তারা ক্লাসে যাচ্ছেন না। আর শিক্ষার্থীরা বলছেন, অচলাবস্থার নিরসন না হলে তারা ক্লাসে ফিরতে চান না।
উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ জুলাই বুয়েটে ঈদের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে এরপরও শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।
ছুটির পর শনিবার বুয়েট খুললেও কোনো ক্লাস হয়নি। রোববারও কোনো ক্লাসে শিক্ষক বা শিক্ষার্থী কাউকে দেখা যায়নি। কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা গেলেও তাদের সংখ্যা একেবারেই কম।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সুদীপ্ত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অচলাবস্থার অবসান না হওয়া পর্যন্ত ক্লাসে আমরা ফিরব না। আমরাও উপাচার্যের অপসারণ চাই। ঈদের ছুটি তো মাত্র শেষ হলো। সবাই ফিরলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।”
ক্লাস না হওয়ার কারণ জানতে চাইলে উপাচার্য নজরুল ইসলাম বলেন, “শিক্ষকরা কেন আসছেন না, তাদের সাথে আলোচনা করে দেখতে হবে।”
তিনি অভিযোগ করেন, ক্লাসে না আসাটাও শিক্ষকদের এক ধরনের আন্দোলন। উচ্চ আদালত আন্দোলনের বিষয়ে রুল জারির পরও শিক্ষকরা ক্লাস না নিয়ে আদালত অবমাননা করছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা উপাচার্যের নিজস্ব ব্যাখ্যা। শিক্ষক সমিতি কোনো আন্দোলন করছে না। সুতরাং অবমাননার প্রশ্ন নেই। কোনো শিক্ষক যদি ব্যক্তিগতভাবে ক্লাস না নেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।”
এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, “উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের দাবিতে আমরা এখনো অনড়। সরকার বুয়েটের অবস্থা বিবেচনা করে শিগগিরই ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছি।”
উপাচার্য নজরুল ইসলাম ও উপউপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল কর্মবিরতি শুরু করে বুয়েট শিক্ষক সমিতি। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যায় তারা।
গত ১০ জুলাই রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে গণপদত্যাগেরও ঘোষণা দেন তারা। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগের পর তারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এরপর ১৪ অগাস্ট আদালত ‘আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ রুল জারি করলে আন্দোলনের নতুন কোনো কর্মসূচি দেয়নি শিক্ষক সমিতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩০৫ ঘ.
bdnews24