জাবি, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতের মধ্যে বন্ধ হওয়ার ২৪ দিন পর রোববার খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্লাস শুরুর আগের দিন শনিবার বিকালে খুলে দেওয়া হচ্ছে হলগুলো।
হলে ঢুকতে শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আবাসিক শিক্ষকরা হলের ফটকে থেকে পরিচয়পত্র দেখে পরিচয়পত্র পরীক্ষা করবেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা হলে ঢুকতে পারবে। অন্য সময়ে ঢুকতে পারবে না।
গত ১ অগাস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাহমিদুল ইসলাম লিখন দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার পর এক ছাত্রকে পুলিশ আটক করতে গেলে সহিংস হয়ে ওঠে ছাত্রলীগকর্মীরা।
ছাত্ররা মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের বাড়ি ও পুলিশের গাড়ি ভাংচুর করলে পুলিশ রবার বুলেট ছোড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়।
এরপর শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে ঈদের ছুটি ঘোষণা করে হলগুলো খালি করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24