ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে এবার এক হাজার ৪৭১ জনের ফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে কারিগরি বোর্ডে সাতশ জনের ফল পরিবর্তন হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম।
আটটি সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৬৬ হাজার ৮১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে।
এবছর ঢাকা বোর্ডে ২৫৬ জনের ফল পরিবর্তিত হয়েছে। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৯৯ জন, কুমিল্লা ২৩, দিনাজপুর ৫৫, সিলেট ১৩ জন, যশোর ১১১, রাজশাহী ১০০ এবং বরিশাল বোর্ডে ২৬ জনের ফল পরিবির্তন হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ জনের ফল পরিবর্তন হয়েছে।
বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।
যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুনঃনিরীক্ষায় যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে উত্তরপত্র পুনঃনিরীক্ষার ফল পাওয়া যাচ্ছে।
প্রকাশিত ফল মেনে না নিয়ে গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করেন শিক্ষার্থীরা।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফল পুনঃনিরীক্ষণে উত্তরপত্রে দেওয়া নম্বর ঠিক আছে কিনা এবং কোনো প্রশ্নের উত্তরে নম্বর দিতে বাদ পড়েছে কি না সে বিষয়টি দেখা হয়েছে।
“যেহেতু এটা ফল পুনঃনিরীক্ষণ, তাই অন্য বিষয়গুলো দেখার সুযোগ নেই। ফল পুনঃপরীক্ষণ হলে সবগুলো বিষয়ই দেখা হতো।”
গত ১৮ জুলাই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১০০ ঘ.
bdnews24