চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলাফলের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি না করে পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।
এদিকে মঙ্গলবার নগরীর জেলা পরিষদ মার্কেটর সামনে সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে দুপুরে আব্দুর রহমান সড়ক (কোর্ট রোড), কে সি দে রোডসহ আন্দরকিল্লা থেকে নিউ মার্কেট যাতায়াতের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সাথি দেবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে গত এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আমরা কিছুই বুঝতে পারছি না।”
“আমার এক বছরের কঠোর পরিশ্রম যাচাইয়ের সুযোগ পাব না তা মেনে নেওয়া যায় না। মেডিকেলে ভর্তি পরীক্ষার মাধ্যমে করতে হবে।”
রবিন শর্মা নামে আরেক শিক্ষার্থী জানান, যারা মেডিকেলে ভর্তি হতে প্রস্তুতি নিয়েছে তাদের ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেই। এতে এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ও ভর্তির সুযোগ হারাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৬৫৪ ঘ.
bdnews24