চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৯৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এতে নতুন করে পাশ করেছেন ২২ শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
মঙ্গলবার এ পুনর্নিরীক্ষণের ফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুনর্নিরীক্ষণে ৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৫ জন আগেই জিপিএ-৫ পেলেও তাদের বিষয়ভিত্তিক ফল উন্নত হয়েছে।
তিনি বলেন, আগে ফেল করা ছয় শিক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণেও বহাল আছে। তবে ওই নিরীক্ষায় তারা দুটি বা তিনটি বিষয়ে ফেল করলেও পুনর্নিরীক্ষণে কারো কারো বিষয়ভিত্তিক পাশের ফল উন্নত হয়েছে।
বাকি শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট বেড়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার চার হাজার ৪১০ জন এইচএসসি পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৪৩৭ ঘ.
bdnews24