২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির ছাত্রলীগ নেতার ওপর হামলা, সড়ক অবরোধ

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর বোমা হামলার প্রতিবাদে খুলনা-কুষ্টিয়া সড়ক গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

কুষ্টিয়া, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর বোমা হামলার প্রতিবাদে খুলনা-কুষ্টিয়া সড়ক গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ সমর্থকরা। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মো. সামসুজ্জামান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০টার দিকে শেখপাড়া বাজারে গার্লস স্কুলের সামনে ৩/৪জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিনটি হাত বোমা ছোড়ে। তবে এ হামলায় আহত হননি তুহিন। সামসুজ্জামান জানান, তিনি তার গ্রাম বসন্তপুর থেকে মটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুহিনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুবৃত্তরা। হামলার পরপরই এর প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে এবং টায়ার জ্বালিয়ে খুলনা-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। এ হামলায় জড়িত থাকার সন্দেহে ছাত্রলীগের নেতাকর্মীরা শেখপাড়া বাজারের আদিল মাস্টারের ছেলে মো. আলী শিমুলকে মারধর করে। তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী গাফফার জানান, শিমুলকে মারধরের প্রতিবাদে চরাইবিল এলাকায় খুলনা-কুস্টিয়া সড়ক অবরোধ করা হয়েছে। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ক্যাম্পাস বহির্ভূত ঘটনা, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৩ ঘ.