২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মান্নানকে চবিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুমকি ছাত্রলীগের

ছাত্রলীগে কথিত অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তোলায় অধ্যাপক আবদুল মান্নানকেই এর সত্যতা প্রমাণের ‘চ্যালেঞ্জ’ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগে কথিত অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ তোলায় অধ্যাপক আবদুল মান্নানকেই এর সত্যতা প্রমাণের ‘চ্যালেঞ্জ’ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এ অভিযোগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মান্নান। এমনকি তিনি ছাত্রলীগ বিলুপ্তিরও সুপারিশ করেন। ওই লেখার জন্য ‘দুঃখ’ প্রকাশ না করলে সাবেক এই উপাচার্যকে চবি ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে বলেও হুমকি দিয়েছে চবি ছাত্রলীগ। পাশাপাশি তাঁকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে অপসারণ করতে বর্তমান উপাচার্যের কাছেও দাবি জানান ছাত্রলীগ নেতারা। বৃহস্পতিবার দুপুরে চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে চবি ছাত্রলীগ এসব দাবি জানায়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সামবেশ করে ছাত্রলীগ। এরপর তারা বর্তমান উপাচার্যের সঙ্গে দেখা করে ওই লেখার প্রতিবাদ জানায়। বুধবার একটি জাতীয় দৈনিকে ‘আত্মঘাতী ছাত্রলীগের লাগাম টেনে ধরুন’ শিরোনামে চবি’র সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানের ওই লেখাটি প্রকাশিত হয়। ওই লেখায় তিনি সরকারি গোয়েন্দা সংস্থা ও পত্রিকার প্রতিবেদন উদ্ধৃত করে দাবি করেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তারা (ছাত্রলীগ) একাধিক দল-উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে নিয়মিত খুন-খারাবিতে লিপ্ত।” অধ্যাপক মান্নানের লেখায় ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্য তুলে ধরে সাময়িকভাবে ছাত্রলীগ (সব শাখা-প্রশাখাসহ) ‘বিলুপ্ত’ করা এবং সবকিছু আবার নতুন করে শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বানও জানানো হয়। ১৯৯৬ সালের ৬ নভেম্বর আওয়ামী লীগ সরকারের আমলেই অধ্যাপক মান্নান চবি’র উপাচার্য নিযুক্ত হন। দায়িত্ব পালন করেন ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া তিনি আওয়ামীপন্থী শিক্ষক হিসেবেও পরিচিত। সংবাদ সম্মেলনে চবি শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, সাবেক উপাচার্য ছাত্রলীগের বিরুদ্ধে ‘মনগড়া’ বিভিন্ন কথা লিখেছেন। তিনি যা লিখেছেন তাকেই [আবদুল মান্নান] এর সত্যতা প্রমাণ করতে হবে। “যদি উনার বক্তব্য অনুসারে ছাত্রলীগের কেউ কোনো ধরনের অপকর্মে লিপ্ত থাকে তবে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। “আর যদি উনার লেখার সত্যতা না থাকে তবে তাকেই দুঃখ প্রকাশ করতে হবে। তা না হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।” ছাত্রলীগকে সাময়িকভাবে বিলুপ্ত করার প্রস্তাবের বিষয়ে মামুনুল বলেন, হয়তো কেউ তাকে [অধ্যাপক মান্নান] ভুল বুঝিয়েছেন। ছাত্রলীগই আন্দোলন সংগ্রাম করে। ১/১১ এর সময় ছাত্রলীগই সক্রিয় ছিল। তাই ছাত্র সংগঠনের অস্তিত্ব জরুরি। তিনি এও দাবি করেন, অতীতে বিভিন্ন সময় ছাত্রলীগই সক্রিয়ভাবে আন্দোলন- সংগ্রাম করেছে। তখন আওয়ামীপন্থী শিক্ষক-বুদ্ধিজীবীদের কোনো রকম সহযোগিতা ছাত্রলীগ পায় নি। চবি ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা তুলে ধরে ওই লেখায় আরো বলা হয়, “সময়মতো যখন তারা (ইসলামী ছাত্রশিবির) তাদের আস্তানা থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু ছাত্রলীগ নামধারী কাউকে খুঁজে পাওয়া যাবে না।” এ বিষয়ে চবি ছাত্রলীগ সভাপতি মামুনুল হক বলেন, “গত ৮ ফেব্রুয়ারি যখন মৌলবাদী শক্তি আক্রমণ করেছিল, তখন প্রগতির স্বপক্ষের শক্তি হিসেবে আমরা দাঁড়িয়েছিলাম। অন্য কেউ আসে নি।” গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মী নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২১২৯ ঘ.