জাবি, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগে এক ছাত্রকে আটকের পর পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ছাত্ররা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার মধ্যরাত থেকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন ভবনে ভাংচুর চালিয়েছে ছাত্ররা।
শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা তাহমিদুল ইসলাম লিখনকে বুধবার রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র লিখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন। দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকলেও উপাচার্য পরিবর্তনের পর সম্প্রতি তিনি ক্যাম্পাসে ফেরেন বলে ছাত্রলীগ কর্মীরা জানান।
এদিকে লিখনের ওপর হামলার ঘটনার পর মীর মোশাররফ হোসেন হলের নৃ-বিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাহিদকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের ছাত্রদের বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তারা ক্ষোভে ফেটে পড়ে।
ছাত্ররা হল সংলগ্ন প্রাধ্যক্ষের বাড়িতে ভাংচুর চালায় এবং প্রাধ্যক্ষ এমদাদুল হককে লাঞ্ছিত করে। এরপর তারা পুলিশ ভ্যান ভাংচুর করতে গেলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ফার্মাসি বিভাগের ৩৯তম ব্যাচের রাকিব, গণিত বিভাগের ৪১ তম ব্যাচের রবিন, ইনস্টিটিউট অব ইনপরমেশন টেকনোলজির ৩৯ তম ব্যাচের মারুফ, ফিন্যান্স অ্যান্ড ব্রাংকিং বিভাগের ৩৯ তম ব্যাচের নাহিদ এবং পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র বশির আহত হন।
তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে গুলির ঘটনার পরপরই ছাত্ররা ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং কিছু শিক্ষার্থী বিশ্বাবদ্যালয়ের প্রধান ফটক, ছাত্র শিক্ষক কেন্দ্র, জহির রায়হান মিলনায়তন, নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের কাচ ভাংচুর করে।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতনিধি আহমেদ সজল। তার ক্যামেরাও ভেঙে ফেলা হয়।
ছাত্ররা সহিংস হয়ে ওঠার পর পুলিশ আটক ছাত্র নাহিদকে ছেড়ে দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষার্থীদের শান্ত করতে রাতেই ঘটনাস্থলে যান। কিন্তু তাদের বোঝাতে না পেরে ফিরে আসেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের তিনি বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টোর অধ্যাপক তপন কুমার সাহা ভোরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য আসেন। কিন্তু তারাও বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হন।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, পুলিশ কেন রাবার বুলেট ছুড়ল তা জানতে হবে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরিচা সড়কে অবরোধ চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৩৫ ঘ.
bdnews24