ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার এক লাখ ৬৬ হাজার ৮১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা।
প্রকাশিত ফল মেনে না নিয়ে গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল ফোনে শিক্ষার্থীরা এসব আবেদন করেন।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
প্রতিটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের তিনশ টাকা করে ফি দিতে হয়েছে। আগামী ১৪ অগাস্ট উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
এবার ঢাকা শিক্ষা বোর্ডে ৫৩ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ১৩ হাজার ৭৪৮টি, কুমিল্লা ১১ হাজার ৮৯৪টি, যশোর ৩৩ হাজার, চট্টগ্রাম ১৬ হাজার ৮১৪টি, সিলেট ছয় হাজার ৫৮৮টি, বরিশাল ১১ হাজার ৬৯৬টি এবং দিনাজপুর বোর্ডে নয় হাজার ৪৩৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে।
অন্যদিকে কারিগরি বোর্ডে ছয় হাজার ১৮টি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে চার হাজার ৬১৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
বোর্ডেগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকরা জানান, শিক্ষার্থীরা এক থেকে একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফল পুনঃনিরীক্ষণে উত্তরপত্রে দেওয়া নম্বর ঠিক আছে কিনা তা যোগ করে দেখা হবে। এছাড়া কোনো প্রশ্নের উত্তরে নম্বর দেওয়া বাদ পড়েছে কি না সে বিষয়টিও দেখা হবে।
“যেহেতু এটা ফল পুনঃনিরীক্ষণ তাই অন্য বিষয়গুলো দেখার সুযোগ নেই। ফল পুনঃপরীক্ষণ হলে সবগুলো বিষয়ই দেখা হতো।”
গত ১৮ জুলাই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০১৯ ঘ.
bdnews24