ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকরা।
সোমবার বিকালে এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “সরকারের ওপর আস্থা রেখে আমরা গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছি।”
তিনি বলেন, “উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপির একটি অনুলিপি আমাদের হাতে এসেছে। সেখানে উল্লেখ আছে, শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
শিক্ষামন্ত্রী এ ব্যাপারে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছে বলেও মুজিবুর রহমান সাংবাদিকদের জানান।
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেও উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের দাবিতে আগের মতোই প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান সভাপতি মুজিবুর রহমান।
তিনি বলেন, দাবি পূরণ না হলে আগামী সোমবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে বুয়েট সংকট নিরসনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বুয়েট পরিস্থিতি পর্যালোচনা করতে বসেছিলাম। মিটিংটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
সঙ্কট নিরসনে সভায় ‘কিছু সিদ্ধান্ত’ হয়েছে জানালেও এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি মন্ত্রী।
নাহিদ বলেন, “পরিস্থিতির সমাধানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।”
শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে কর্তৃপক্ষ গত ১০ জুলাই হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। পরদিন থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস।
উপাচার্য ও উপউপাচার্যের অপসারণ দাবিতে গত ১১ জুলাই একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক। এরপর শিক্ষক সমিতি ঘোষণা দেয়, দাবি পূরণ না হলে ২২ জুলাই তারা গণপদত্যাগ করবেন।
তবে ওইদিন এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষকরা গণপদত্যাগের বিষয়টি ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। এর পর থেকেই প্রতিদিন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টা করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে আসছিলেন তারা।
শিক্ষকদের এসব কর্মসূচির মধ্যেই সঙ্কট সমাধানে বুয়েটের সাবেক উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর সমাধান খোঁজা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৭২৫ ঘ.
bdnews24