২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন: উপাচার্যকে পদত্যাগের আহ্বান

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সব হল সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সব হল সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের ব্যানারে অপারাজেয় বাংলার সামনে এক সংহতি সমাবেশে ডাকসুর সাবেক নের্তৃবৃন্দ এ আহ্বান জানায়। ডাকসুর সাবেক সহ-সভাপতি আ স ম আব্দুর রব বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দায়িত্ব হলো উপাচার্যের। উপাচার্য যদি এই নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে তার পদত্যাগ করা উচিত।” পরীক্ষার তারিখের মতো ডাকসুসহ সব হল ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে ডাকসুর আরেক সাবেক সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, “ডাকসু না থাকায় নেতৃত্ব তৈরি হচ্ছে না।” ডাকসু নির্বাচন না হওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে অভিযোগ করে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলী বলেন, বর্তমান ক্ষমতাসীনরা ডাকসুকে ভয় পায়, তারা চায় না ডাকসু নির্বাচন হোক। “এই ষড়যন্ত্রকে রুখে দিতে আন্দোলনের কোন বিকল্প নেই।” ডাকসুর সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “স্বৈরাচার এরশাদের সময়ও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অথচ যারা গণতন্ত্রে বিশ্বাসী বলে বুলি ছড়ায় তাদের সময় গণতান্ত্রিক এই প্রতিষ্ঠানে স্বৈরাচার ব্যবস্থা।” সংহতি সমাবেশে ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি চলে আসছে। এনিয়ে আদালতেও গিয়েছে তারা। সর্বশেষ ১৯৯০ সালে ডাকসু নির্বাচন হয়। এরপরে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৩ ঘ.