২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি

নৈতিক স্খলনের অভিযোগে গাইবান্ধা সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

গাইবান্ধা, ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈতিক স্খলনের অভিযোগে গাইবান্ধা সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবারও তাকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কলেজে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকার সঙ্গে অনৈতিক মেলামেশা এবং দুর্নীতির অভিযোগে গত সোমবার থেকে অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তবে, রেজাউল করিম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার অধ্যক্ষের অপসারণের দাবিতে জাসদ ছাত্রলীগ ও সচেতন ছাত্র-ছাত্রীর ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধা শহরে। সকাল ১১টায় জাসদ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের ১নম্বর ট্রাফিক মোড়ে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, সুভাশিষ সাহা, মঞ্জুরুল কবির, মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা শামিম আল সাম্য প্রমুখ। অপরদিকে একই দাবিতে সকাল সাড়ে ১১টায় সচেতন ছাত্র-ছাত্রীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। অধ্যক্ষ রেজাউল করিমের গৃহকর্মী সাংবাদিকদের জানান, অধ্যক্ষ রেজাউল করিমের দুই স্ত্রী। তারা ভিন্ন দুইটি বাসায় থাকেন। প্রথম স্ত্রীর বাসায় তিনি কাজ করতেন। শুক্রবার (২০ জুলাই) রাতে ওই তরুণীর ঘরে অধ্যক্ষকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তার ছেলে। এতে অধ্যক্ষের স্ত্রী ও ছেলে তাকে বেদম মারধর করে এবং একটি ঘরে সারাদিন তালাবদ্ধ করে রাখে। পরদিন তারা মেয়েটিকে তার গ্রামের বাড়ি জগতরায় গোপালপুর রেখে দ্রুত চলে গেলে বিষয়টি জানাজানি হয়। এরপর কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৩ ঘ.