২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত জাবি উপাচার্য দায়িত্ব নিলেন

নির্বাচিত উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত উপাচার্য হিসেবে অধ্যাপক আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় সিনেট হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নব নির্বাচিত উপাচার্য হিসেবে যোগদান করেন। মনোনীত হিসেবে দায়িত্ব পালন করে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে মঙ্গলবার ওই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এদিকে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে সিনেট সভায় নির্বাচিত তিন জনের প্যানেল থেকে তাকেই রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উপাচার্য হিসাবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। যোগদান অনুষ্ঠানে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, “পর্যায়ক্রমে মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন পর্ষদের নির্বাচনের উদ্যোগ নেব। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।” অনুষ্ঠান শেষে আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্বাচনে অধ্যাপক আনোয়ার দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। গত ২০ জুন অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়েছিলেন আন্দোলনের মুখে পদত্যাগ করা উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন অধ্যাপক নুরুল আলম। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, সর্বোচ্চ ভোট পাওয়া তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ের আচার্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তার মধ্য থেকে একজনকে নিয়োগ দেন তিনি। উপাচার্য প্যানেলের এই তিনজনের মধ্যে অধ্যাপক আনোয়ার ছাড়া অন্য দুজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মে মাসে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারকে ওই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি। অধ্যাপক আনোয়ার দায়িত্ব নেওয়ার পর উপাচার্য নির্বাচনের উদ্যোগ নেন। তবে শিক্ষকদের একটি অংশ এই নির্বাচনের বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, সিনেটে মেয়াদোত্তীর্ণ প্রতিনিধি নতুন করে নির্বাচিত না করে উপাচার্য নির্বাচন হলে অধ্যাপক শরীফ এনামুল কবিরই সুবিধা পাবেন। নির্বাচনের ফলাফলেও তাদের বক্তব্যের প্রতিফলন দেখা গেছে। আন্দোলনরত শিক্ষকরা সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন বর্জন করলেও এক্ষেত্রে অনড় ছিলেন আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/আরএ/১৩৪০ ঘ.