২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন-চলচ্চিত্র নিয়ে ঢাবিতে নতুন বিভাগের যাত্রা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে ‘টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাবি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে ‘টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ’। সোমবার সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই বিভাগ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের সম্প্রচার মাধ্যম ও চলচ্চিত্র শিল্পে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, এখানে কেবল একটি বিভাগেরই উদ্বোধন করা হচ্ছে না, বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ভিতও রচনা হচ্ছে। নতুন এই বিভাগের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ (আইএএমসিআর)-এর সভাপতি ও যুক্তরাষ্ট্রের অরিগন ইউনিভার্সিটির কমিউনিকেশন রিসার্চ-এর সভাপতি অধ্যাপক জানেত ওয়াসকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের সভাপতি অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক রাষ্ট্রদূত মজিনার হাতে ক্রেস্ট তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৩ ঘ.