ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ায় রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে কারণ দর্শাতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
রোবাবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ কারণ দর্শানোর নোটিস পাঠান বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশ ছাড়াই স¤প্রতি পদ্মা সেতুর অর্থায়নে মনিপুর স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর নামে মনিপুর স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ উত্তোলন করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পদ্মা সেতুর নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের নির্দেশনা দেওয়া হয়নি।
ছাত্র-ছাত্রীদের কাছ থেকে পদ্মা সেতু নির্মাণে অর্থ আদায় থেকে বিরত থাকতে সংশ্লি¬¬ষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
পদ্মা সেতুর নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি/শিক্ষক অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।
তবে পদ্মা সেতু নির্মাণে শিক্ষার্থীরা স্বেচ্ছায় টাকা দিতে চাইলে এ সংক্রান্ত সরকারি ব্যাংক হিসাবে দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এএল/২১৩১ ঘ.
bdnews24