বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন আরো চারটি বিভাগ খোলা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত সপ্তাহে নতুন এ চার বিষয় খোলার অনুমতি দিয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা বাহাউদ্দিন গোলাপ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন চারটি বিভাগ হচ্ছে- সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বাংলা ও হিসাববিজ্ঞান।
শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়াতে নতুন ৬টি বিভাগ খোলার জন্য মঞ্জুরি কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছিল। এরমধ্যে ৪টির অনুমোদন দেওয়া হয়।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানান ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৮ ঘ.
bdnews24