ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষ বেঁধে দেওয়া সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা না করায় বৃহস্পতিবার ধর্মঘট পালনের পর আগামী ২৯ জুলাই সংহতি সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচি দেওয়া হয়।
সংগঠনের অন্যতম মুখপাত্র নূর বাহাদুর সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আশা করছি, ২৯ জুলাইয়ের আগেই ডাকসু নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করা হবে। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।”
অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থী অধিকার মঞ্চের সদস্যরা পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেন এবং কলা ভবন, কার্জন হল ও আইবিএসহ বিভিন্ন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে কলাভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।
ধর্মঘটের কারণে এদিন কোনো বিভাগে ক্লাস হয়নি। তবে আন্তর্জাতিক সম্পর্ক, উর্দু ও ফার্সি বিভাগের নির্ধারিত পরীক্ষা সময়মতোই হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহারুল হক।
ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার জন্য গত ১২ জুলাই প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীদের সংগঠনটি। কিন্তু কোনো ঘোষণা না আসায় ১৫ জুলাই দুপুর ১২টায় তারা উপাচার্য ও উপউপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। তবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য কার্যালয়ে ছিলেন না।
ডাকসু নির্বাচনের দাবিতে নির্দলীয় এই সংগঠনের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি চলে আসছে। এনিয়ে আদালতেও গিয়েছে তারা।
সর্বশেষ ১৯৯০ সালে ডাকসু নির্বাচন হয়। এরপরে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তা হয়নি।
ধর্মঘট চলাকালে সাংবাদিকরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি আন্দোলনকারীদের ছাত্রত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচনের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।”
পরে সংবাদ সম্মেলনে উপাচার্যের সন্দেহ প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধিকার মঞ্চের সদস্যরা একযোগে তাদের পরিচয় পত্র দেখান।
শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূরে আলম দুর্জয় বলেন, “আমাদের এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ডাকসু শিক্ষার্থীদের অধিকার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএমআর/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24