ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ক্যাডেট কলেজগুলো থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ৯৬ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার ৫৫৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়, এদের মধ্যে পূর্ণ জিপিএ পেয়েছে ৫৩৯ জন। বাকি ১৯ শিক্ষার্থী পেয়েছে ‘এ’ গ্রেড।
এরমধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে চলতি বছর ৪১ জন অংশ নিয়ে সাবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার্বিক চিত্র উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দশ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের ফলের অনুলিপি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৭ শিক্ষার্থীর মধ্যে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৫ জনের মধ্যে ৪৪ জন, পাবনা ক্যাডেট কলেজে ৫০ জনের মধ্যে ৪৯ জন, কুমিল্ল¬া ক্যাডেট কলেজে ৫০ জনের মধ্যে ৪০ জন এবং ফেণী গার্লস ক্যাডেট কলেজে ৪৮ জনের মধ্যে ৪৭ জিপিএ-৫ পেয়েছে।
আর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (৪৯), ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (৫০), রাজশাহী ক্যাডেট কলেজ (৪৪), সিলেট ক্যাডেট কলেজ (৪৬), রংপুর ক্যাডেট কলেজ (৪৬) এবং বরিশাল ক্যাডেট কলেজের (৪৫) সব শিক্ষার্থী পূর্ণ জিপিএ অর্জন করেছে।
চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন।
এবার পাসের হার সবচেয়ে এগিয়ে সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৭৪ দশমিক ৫৬ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।
এ বছর ১ এপ্রিল থেকে ৬ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৪১ ঘ.
bdnews24