ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা দেশে সেরা ১০ প্রতিষ্ঠানের প্রথম চারটিই ঢাকা বোর্ডের।
পরীক্ষার্থী, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে আন্তঃশিক্ষা বোর্ডের মানদণ্ডে ৯৭ দশমিক ৩৪ পয়েন্ট পেয়ে এবার দেশসেরা ফল দেখিয়েছে ঢাকা বোর্ডের রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
এ প্রতিষ্ঠানের ১ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৬ জন।
ওই মানদণ্ডে ৯৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। এ প্রতিষ্ঠানের ৩৩৪ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছ; জিপিএ-৫ পেয়েছে ৩০৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের পয়েন্ট ৯১। এ প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
ঢাকার ঐতিহ্যবাহী স্কুল ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অবস্থান এবার সারা দেশে চতুর্থ। তাদের পয়েন্ট ৯০ দশমিক ৫৪।
এ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১ হাজার ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে আট জন। আর জিপিএ-৫ পেয়েছে ৯০৪ ছাত্রী।
সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের জন্য নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, পাশের হার, মোট শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
এই বিচারে রাজশাহী বোর্ডের পাবনা ক্যাডেট কলেজ ৯০ দশমিক ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আর ৯০ পয়েন্ট নিয়ে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে চারটি ক্যাডেট কলেজ। এগুলো হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজ।
এছাড়া ৮৯ দশমিক ৮৫ পয়েন্ট নিয়ে ঢাকা নডরডেম কলেজ সপ্তম, ৮৯ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজ অষ্টম, ৮৯ দশমিক ৩৮ পয়েন্ট নিয়ে ফেনী গার্লস ক্যাডেট কলেজ নবম এবং ৮৯ দশমিক ৩৫ পয়েন্ট নিয়ে যশোর বোর্ডের ঝিনাইদহ ক্যাডেট কলেজ দশম স্থানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৮১৭ ঘ.
bdnews24