রাজশাহী, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় আগেরবার পাসের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা রাজশাহী বোর্ডে এবার পাসের হার কমেছে। কমেছে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
চলতি বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৬ হাজার ৯৬৬ জন অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৮৬৭জন। এ হিসেবে পাসের হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৭২ জন। এদের মধ্যে ৩ হাজার ৩৭২ জন ছাত্রী এবং ছাত্র ৩ হাজার ৫০০ জন।
২০১১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৫৮৮ শিক্ষার্থী।
ফল বিশ্লেষণে দেখা যায়, বোর্ডের ১২টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা চারটি।
বোর্ডের সার্বিক ফলে প্রথম স্থান দখল করেছে পাবনা ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ।
দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা ফল ঘোষণা করেন।
এর আগে সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৮ ঘ.
bdnews24