২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ শিক্ষায় আসনের অভাব হবে না: মন্ত্রী

উচ্চ মাধ্যমিকে পাস করেও আসনের অভাবে কেউ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না- এমন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিকে পাস করেও আসনের অভাবে কেউ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না- এমন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে তিনি বলেন, “আসনের অভাবে কেউ পড়তে পারবে না এমন হবে না। সবাই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পবে।” মন্ত্রী বলেন, নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার পাশাপাশি প্রতি বছরই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসন সংখ্যা বাড়ছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তির (সব বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এক পদ্ধতিতে পরীক্ষা) বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে উপাচার্যরা এখনো একমত হতে পারেননি জানিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। এ ফলাফলে সব সূচকেই উন্নতি হয়েছে দাবি করে নাহিদ বলেন, “এটা প্রমাণ করে যে, শিক্ষার মান এবং শিক্ষা ব্যবস্থাপনার উন্নতি হচ্ছে।” এবার পাসের হার সবচেয়ে বেশি সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৭৪ দশমিক ৫৬ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী। মন্ত্রী বলেন, এবার ৭৮ দশমিক ২৩ শতাংশ ছাত্র এবং ৭৯ দশমিক ১৯ শতাংশ ছাত্রী পাস করেছে। ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় শূন্য দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট বেশি। ঘোষণা অনুযায়ী পরীক্ষার পর দুই মাস পূর্ণ হওয়ার পাঁচ দিন আগেই ফল ঘোষণা করতে পারায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, “পরীক্ষার মধ্যে বিরোধীদলের পাঁচ দিনের হরতালে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়েছে। পরীক্ষার্থীরাও একটি জটিল সময় পার করেছে।” এবার মানবিকের শিক্ষার্থীরা আগের তুলনায় ভালো ফল করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্য দিন দিন কমে আসছে। গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীই মানবিকে পড়াশোনা করে। এবার আটটি সাধারণ বোর্ডে বিজ্ঞানে ৭৮ দশমিক ৩৮ শতাংশ, মানবিকে ৭০ দশমিক ৭৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যেসব কলেজ থেকে একজনও পাস করতে পারেনি সেসব কলেজে বিশেষ দৃষ্টি দিতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “অবশ্যই এ অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে হবে।” চলতি বছর এক হাজার ৩৬টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ২৪টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। এবার মঙ্গা অঞ্চল, হাওড় ও পাহাড়ী অঞ্চলে শিক্ষার্থী পাসের হার সন্তোষজনক উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এজন্যই সিলেট বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। এখন ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই ফল পেয়ে যাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, “যার যার ফল ঘরে বসেই পেয়ে যাবে- এটাই তো ডিজিটাল বাংলাদেশ।” অন্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুন এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭৪৫ ঘ.