নরসিংদী, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙুল হারানোর পরও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন হাওয়া আক্তার জুঁই। ভবিষ্যতে আইনজীবী হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন স্বামীর নির্যাতনের শিকার এই তরুণী।
বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, নরসিংদী সরকারি কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৩ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন জুঁই।
এই ফল নিয়ে সন্তুষ্ট জুঁই সাংবাদিকদের বলেন, “আমি খুবই খুশি। এই ফলাফলের পেছনে শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
“আমি আমার হাতের আঙুল হারানোর পরও মনোবল হারাইনি। ভবিষ্যতে একজন আইনজীবী হতে চাই,” বলেছেন তিনি।
এই পরীক্ষায় অংশ নিলেও নিজ হাতে লিখতে পারেননি জুঁই। মামাতো বোন সানিয়া আক্তার লিখে দেন জুঁইয়ের হয়ে।
জুঁইয়ের এই পরিণতির কারণ হিসেবে দায়ী করা হয় তার স্বামী রফিকুল ইসলামকে। অভিযোগ রয়েছে, পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় তিনিই জুঁইয়ের আঙুল কেটে দিয়েছেন।
ঘটনার পর রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24