২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটের আন্দোলন ২ দিনের জন্য স্থগিত

দুই দিন বিরতি দিয়ে শনিবার আবারো অবস্থান ধর্মঘটে বসবেন আন্দোলনরত শিক্ষকরা। রোববার বিকাল ৪টার মধ্যে দাবি পূরণ না হলে তারা একযোগে পদত্যাগ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন নিয়ে ‘বিভ্রান্তি ও সন্দেহ’ দূর করতে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকরা। বুয়েট শিক্ষকদের গণপদত্যাগের হুমকির পেছনে ‘ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন মন্তব্যের একদিন পর এ সিদ্ধান্ত এলো। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবর রহমান বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, “আন্দোলন নিয়ে যে কোনো ধরনের বিভ্রান্তি ও সন্দেহ দূর করতেই আন্দোলন স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি জানান, দুই দিন বিরতি দিয়ে শনিবার আবারো তারা অবস্থান ধর্মঘটে বসবেন। রোববার বিকাল ৪টার মধ্যে দাবি পূরণ না হলে একযোগে পদত্যাগ করবেন। বুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষামন্ত্রী গত সোমবার সাবেক উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠক করার পর আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দেন, রোববারের মধ্যে উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করা না হলে তারা পদত্যাগ করবেন। এর প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমার সন্দেহ হচ্ছে, সমাধানের নানা উদ্যোগ ব্যাহত করতে তাদের (আন্দোলনকারী শিক্ষক) হয়তো অন্য উদ্দেশ্য থাকতে পারে।” শিক্ষকদের হুমকিতে বিষ্ময় প্রকাশ করে নাহিদ বলেন, উদ্ভুত পরিস্থিতি সমাধানে জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে সভা শেষ করার ৪০ মিনিটের মধ্যে শিক্ষক সমিতি সভা ডেকে গণপদত্যাগের এই হুমকি দিয়েছে। এর জবাবে অধ্যাপক মুজিবর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “গণপদত্যাগের সিদ্ধান্তটি আগের দিনই শিক্ষক সমিতির সাধারণ সভায় নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত বুয়েটের বর্তমান কর্তৃপক্ষের প্রতি অনাস্থা ও অবিশ্বাসের প্রকাশ।” এ পদক্ষেপের মাধ্যমে সরকারকে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই বলেও তিনি উল্লেখ করেন। দুই দিনের বিরতি শেষে শনিবার থেকে পূর্বনির্ধারিত অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু হবে উল্লেখ করে এই শিক্ষক নেতা বলেন, “রোববার বিকাল ৪টার মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে বিকাল ৫টায় সব শিক্ষক পদত্যাগ করবেন।” তিনি বলেন, “সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও ব্যক্তিকে বুয়েট সমস্যা সম্পর্কে অনেক আগেই অবহিত করা হয়েছে। দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠের এ অচলাবস্থা নিরসনে সরকার খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি।” শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে আনার পর গত সপ্তাহে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশি¬ষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক এ দাবিতে গত বুধবার একযোগে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য নজরুল ইসলামকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আন্দোলনরত শিক্ষকরা সাফ জানিয়ে দেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া আর কারো সঙ্গে বসতে তারা রাজি নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৩২৪ ঘ.