ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা পদ্ধতি বদল করায় শিক্ষার্থীরা এখন প্রতিবছরই ভাল ফল করছে।
বুধবার গণভবনে শিক্ষামন্ত্রীর কাছ থেকে ২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানার পর শেখ হাসিনা বলেন, “আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। প্রতি বছর পাসের হার বৃদ্ধি পাওয়াই তা প্রমাণ করে।”
পাঠদানে শিক্ষকদের আরো মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষিত জাতি হিসাবে নিজেদের গড়ে তুলতে না পারলে আমরা উন্নতি করতে পারবো না। দারিদ্র্য দূর করতে পারব না। মাথা উঁচু করে চলতে পারব না।”
আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আরো ভাল হবে- এমন আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষা পদ্ধতির পরিবর্তন এসছে। তার ফলাফল আমরা পাচ্ছি। আগামীতে আরো ভাল রেজাল্ট হবে।”
চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন।
যারা এ বছর কৃতকার্য হতে পারেনি, তাদের আরো মনযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
গণভাবনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্টারনেটে রাজশাহী সরকারি কলেজ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজের ফল প্রকাশ করে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী সোহেলী জাবিন তৃষ্ণা।
তিনি বলেন, “আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি- আপনার সঙ্গে কথা বলতে পারব। কোনো দিন ভাবিনি- প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা যায়।”
তৃষ্ণা তার কলেজে একাধিক প্রশাসনিক ভবন ও ছাত্রী নিবাসের প্রয়োজনীয়তার প্রধানমন্ত্রীকে জানান।
প্রধানমন্ত্রী তৃষ্ণার কাছে জানতে চান, “প্রথমে কোনটা দরকার ?”
তৃষ্ণা জবাব দেন, “ছাত্রী নিবাস।”
প্রধানমন্ত্রী বলেন, “ছাত্রী নিবাস হয়ে যাবে।”
প্রধানমন্ত্রীর এরপর রাজশাহী সরকারি কলেজের ছাত্র লাবীবের সঙ্গেও কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “আমরা পরীক্ষা ব্যবস্থায় একটি নির্দিষ্ট শৃঙ্খলা নিয়ে এসেছি। এখন ৬০ দিনের মধ্যে ফলাফল হচ্ছে- এর কোনো ব্যতয় ঘটছে না।”
শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের বলেন, এ বছর ৫৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।
ভিডিও কনফারেন্সের সময় অন্যদের মধ্যে গণভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ। অন্যদিকে রাজশাহীতে ছিলেন মেয়র খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24