২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে মামলা

নির্ধারিত বাসভবন ব্যবহার না করে অবৈধভাবে বাড়ি ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত বাসভবন ব্যবহার না করে অবৈধভাবে বাড়ি ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক এইচএমএ শাহ্জাহান। মামলায় উপ-উপাচার্য অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্যা মাহফুজ-আল-হোসেনসহ আরো ১১ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার মামলাটি আদালতে উপস্থাপন করা হলে বিশেষ আদালতের বিচারক তানজিনা ইসমাইল অভিযোগ তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন।” মামলার এজাহারে বলা হয়েছে, অধ্যাপক কাজী শহীদুল্লাহ উপাচার্য হিসেবে যোগদানের পর থেকে অন্য আসামিদের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি ভাড়াবাবদ প্রতিমাসে ২০ হাজার টাকা করে মোট ৮ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি উপাচার্যের আবাসিক কার্যালয়ের জন্য নির্ধারিত একটি প্রাইভেট কার তার স্ত্রীর ব্যবহারের জন্য দিয়েছেন। ওই গাড়ির তেল ও চালকের বেতন-ভাতাসহ অন্যান্য খরচ বাবদ বিশ্ববিদ্যালয়ের তহবিল হতে প্রতি মাসে আরও ৬০ হাজার টাকা করে খরচ করছেন। মামলার বাদী এইচএমএ শাহ্জাহান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের জন্য ১৯৯২ সাল থেকে ধাম-ি আবাসিক এলাকায় (বাসা নং- ৮৬, রোড নং- ১১/এ) একটি বাসা ভাড়া নেওয়া আছে। তবে কাজী শহীদুল্লাহ ওই বাসভবন ব্যবহার না করে বাড়ি ভাড়ার অর্থ আত্মসাৎ করছেন। ধানম-ির ওই বাসার ভাড়াসহ অন্যান্য খরচ বাবদ ২০০৯ সালের ফেব্রুয়ারি মাস হতে এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে মোট ২ কোটি টাকা অপচয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মামলার অন্য অভিযুক্তরা হলেন- উপ-রেজিস্ট্রার (পরিষদ) মো. শহীদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহিমা সুলতানা, সহকারী-রেজিস্ট্রার (প্রশাসন) দিলরুবা বেগম, প্রক্টর ও উপ-রেজিস্ট্রার এইচ এম তায়েহীদ জামাল (শিপু), আইন বিষয়ক ইউনিটের সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান (স্বপন), অর্থ ও হিসাব বিভাগের সহকারি পরিচালক মো. শাহাবুদ্দিন বাদল, বেতন ও কল্যাণ শাখার সহকারী পরিচালক শেখ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন ও সেকশন অফিসার মো. আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৩১ ঘ.