২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: চাঁদা তোলা বন্ধে নির্দেশ রাবি কর্তৃপক্ষের

পাঁচ দিন আগে ছাত্রলীগের অর্থ সংগ্রহ অভিযান খোদ উপাচার্য উদ্বোধন করলেও সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিল রাবি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

রাবি, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর জন্য ছাত্রলীগের তহবিল সংগ্রহ অভিযান ঘটা করে উদ্বোধন হলেও সংঘর্ষে এক ছাত্র নিহতের পর তা বন্ধ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর ‘আমরাই নির্মাণ করব পদ্মা সেতু’ স্লোগানে গত ১২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁদা তোলা শুরু করেছিল ছাত্রলীগ। পাঁচশ টাকা চাঁদা দিয়ে ওই কর্মসূচি শুরু করেছিলেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। তবে গত রোববার রাতে যে সংঘর্ষে এক ছাত্র মারা যায়, তার সূত্রপাত ওই অর্থ নিয়ে বলে ছাত্রলীগেরই কয়েকজন নেতা জানিয়েছেন। এরপর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পদ্মা সেতুর জন্য অর্থ তোলা বন্ধের নির্দেশ দেয়। ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, এ পর্যন্ত তোলা অর্থ তারা উপাচার্যের কাছে জমা দেবেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত ছোট বিষয় নিয়ে এই রকম ঘটনা ঘটতে পারে, সেটা আমার জানা ছিল না। পদ্মা সেতুর জন্য চাঁদা তোলা যাবে না- আজ (মঙ্গলবার) অর্থমন্ত্রীর এমন ঘোষণা শোনার পর আমরা ছাত্রলীগকে তাদের অর্থ সংগ্রহ বন্ধ করতে বলেছি।” আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতুর জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অর্থ সংগ্রহের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কাউকে চাঁদা তোলার দায়িত্বও দেওয়া হয়নি। যারা এ সেতুর নামে চাঁদা তুলছে তারা সবাই চাঁদাবাজ। তাদের পেটানো উচিৎ।” ১২ জুলাই ছাত্রলীগের অর্থ সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় উপাচার্যের সঙ্গে উপউপাচার্যও ছিলেন। এই বিষয়ে তিনি বলেন, “ছাত্রলীগসহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে- এই ধরনের প্রস্তাব পাওয়ার পর আমি ও উপাচার্য সেখানে তহবিলে সংগ্রহে উৎসাহ প্রদানের জন্য গিয়েছিলাম।” উদ্বোধন অনুষ্ঠানে রাবি উপাচার্য ছাত্রলীগের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বিশেষ সহায়তার ঘোষণাও দিয়েছিলেন তিনি। প্রশাসনের আদেশ জানার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুটি বাক্সে যে অর্থ সংগ্রহ করতাম, তা উপাচার্যের কাছে সংগৃহিত অর্থসহ জমা দিয়ে দেব।” সংঘর্ষের কারণে বহিষ্কৃত তৌহিদ আল তুহিন ইতোপূর্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তারা ১৮ হাজার টাকা তুলেছেন। ছাত্রলীগের বিভিন্ন নেতা প্রাণক্ষয়ী সংঘর্ষের জন্য পদ্মা সেতুর অর্থ তোলাকে দায়ী করলেও সভাপতি আলী আহমেদ দাবি করেছেন, এটা ঠিক নয়। সংঘর্ষের ঘটনাটি ‘অনাকাক্সিক্ষত’ মন্তব্য করে তিনি বলেন, “পদ্মা সেতুর অর্থ সংগ্রহের জের ধরে ছাত্রলীগকর্মী সোহেল যে নিহত হয়েছে মর্মে বিভিন্ন পত্র-পত্রিকায় যে খবর এসেছে, তা সঠিক নয়। ব্যক্তিগত আক্রোশে তুহিন ও তাকিমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৬ ঘ.