২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরামর্শ করেই বুয়েট সঙ্কটের সমাধানে যেতে হবে’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্কট নিরসনে সাবেক উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্কট নিরসনে সাবেক উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বেলা সোয়া ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। তবে উপাচার্য এ এম নজরুল ইসলাম বা আন্দোলনরত শিক্ষকদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকের শুরুতে শিক্ষামন্ত্রী বলেন, “বুয়েট দেশের জন্য সম্মান ও গৌরবের প্রতিষ্ঠান। উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ করে সমাধানে যাওয়া দরকার।” বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বুয়েটের সাবেক শিক্ষক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বুয়েটের সাবেক উপাচার্য আব্দুল মতিন পাটোয়ারি, এম এইচ খান ও ইকবাল মাহমুদ, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি ও রাজউক চেয়ারম্যান নুরুল হুদা, স্থপতি মোবাশ্বের হোসেন ও রবিউল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী ও আব্দুস সবুর এ বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়া বুয়েটের ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মুহাম্মদ জাকারিয়া, ফ্যাকাল্টি অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ে ডিন অধ্যাপক মো. মমিনুল হক, ফ্যাকাল্টি অব মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মো. রেফায়েত উল্লাহ এবং সব বিভাগীয় প্রধানসহ মোট ৩৭ জন এ বৈঠকে উপস্থিত রয়েছেন। শিক্ষামন্ত্রী রোববার বুয়েট পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সোমবার এই বৈঠকের কথা জানান। নূরুল ইসলাম নাহিদ বলেন, “বৈঠকে বুয়েট শিক্ষক সমিতি ছাড়া জ্যেষ্ঠ সব শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষক সমিতি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কারো সঙ্গে বৈঠক করবে না। সম্মানিত শিক্ষকরা যাতে বিব্রত না হন, সেজন্য তাদের আমন্ত্রণ জানানো হয়নি।” উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে গত বুধবার একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক। পদত্যাগের পরও তাদের বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “এ ধরনের পদত্যাগকে পদত্যাগ হিসেবে ধরা হয় না। পদত্যাগপত্র গ্রহণ করা বা না করার বিষয়ও রয়েছে। আর এ বৈঠকে তাদের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবেই ডাকা হয়েছে।” বুয়েটের শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের আশ্বাসের পরও আন্দোলনের কারণে দুঃখ প্রকাশ করেন নাহিদ। তিনি বলেন, “তাদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিয়োগসহ বিভিন্ন অনিয়মের তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন পড়তে বলা হলেও না পড়েই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষকদের এ ধরনের আন্দোলনে আমরা দুঃখিত, মর্মাহত ও উদ্বিগ্ন।” উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ চেয়ে গত এক সপ্তাহ থেকেই আন্দোলন চালিয়ে আসছে বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা। লাগাতার অবস্থান ধর্মঘটের মধ্যেই মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা দুই ঘণ্টার প্রতীকী অনশন করেন। রোববার তারা আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপিও দেন। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ গত মঙ্গলবার হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনলে বুধবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান ওইদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪০৫ ঘ.