২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি সিন্ডিকেটে আ. লীগ সমর্থকদের জয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচনে ছয়টি পদের পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ জয় লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচনে ছয়টি পদের পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ জয় লাভ করেছে। একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। রির্টানিং অফিসার রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সিন্ডিকেট রুমে রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ৮টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৪১৯ জন ভোটারের মাঝে ৩০৯ জন ভোট দিয়েছে বলেও জানান রেজিস্ট্রার। নির্বাচনে সিন্ডিকেট সদস্য হিসাবে ক্যাটাগরি-১ এ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ থেকে সিন্ডিকেট সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবীব হোসেন এবং সাধারণ ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু আওয়াল মোহাম্মদ শোয়েব নির্বাচিত হয়েছেন। একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক পদে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ থেকে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রি শেখর রায় এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ থেকে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়া সহকারী অধ্যাপক পদে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের প্রতিদ্বন্দ্বিতা করা সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল-আমিন (রাব্বি) এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শিক্ষকদের তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচর্চায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ থেকে কেউ জয়ী হতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২১৩ ঘ.