রাজশাহী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আট শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ রাসেল শুক্রবার বিকালে এদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হলেন- আকিব হাসান, আরাফাত করিম, নওয়াজিশ আরাফাত, আশিকুর রহমান মুন, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান, মনিরুল ইসলাম এবং আলী আকবর। এরা রাজশাহী কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তার কলেজ কেন্দ্রে রাজশাহী পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসে ওই শিক্ষার্থীরা।
তারা প্রবেশপত্রের ছবি কৌশলে পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছিল। শিক্ষকরা উত্তরপত্রে স্বাক্ষরের সময় বিষয়টি ধরা পড়ে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আট শিক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দেয় বলে জানান অধ্যক্ষ মকবুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৫ ঘ.
bdnews24