সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এই প্রতিযোগিতার আয়োজন করে।
‘উদ্ভাসিত স্বপ্নে বাঁচুক বৃত্তবন্দি প্রাণ’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০টি দল অংশ নেয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় অর্থনীতি বিভাগ ও ব্যবসা প্রশাসন বিভাগ। এতে অর্থনীতি বিভাগ বিজয়ী হয়।
পরে সন্ধ্যা ৭টায় মিনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক একেএম মাজহারুল ইসলাম, এসইউডিএসের বিতর্ক গবেষক বিধান বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ২০১১ সালের এসইউডিএসের সেরা বিতার্কিক হিসাবে ধ্রুব রঞ্জন রায় ও সেরা সংগঠক হিসাবে মামুন উদ্দিনকে পুরস্কৃত করা হয়।
এই প্রতিযোগিতায় গণমাধ্যম সহযোগী হিসাবে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০০ ঘ.
bdnews24