২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে লাগাতার অবস্থান ধর্মঘট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগাম ছুটি ঘোষণার পর উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগাম ছুটি ঘোষণার পর উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনের সামনে সমাবেশ করে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। মুজিবুর রহমান বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে চলমান আন্দোলনে যোগ দেওয়ায় ভীত হয়ে কর্তৃপক্ষ এক মাস আগেই ছুটি ঘোষণা করেছে। ধারাবাহিক আন্দোলন বানচাল করার জন্যই এই কূট কৌশল।” উপাচার্যবিরোধী আন্দোলনের এই শিক্ষক নেতা বলেন, “বেশ কিছুদিন ধরেই উপাচার্য এস এম নজরুল ইসলাম বুয়েটে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। কারো সঙ্গে আলোচনা না করে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করাও তারই একটি নমুনা।” শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১১ অগাস্ট এই ছুটি শুরুর কথা থাকলেও মঙ্গলবার জানানো হয়, ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রেজা ও ঈদের ছুটি চলবে। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে আগামী ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা ছিল শিক্ষক সমিতির। তার আগেই এ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আকস্মিক এই ছুটির কারণ জানাতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে।” কেন এগিয়ে আনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আসলে শিক্ষকদের কর্মবিরতির কারণে এমনিতেই ক্লাস হচ্ছে না। উপরন্তু শিক্ষকরা তাদের আন্দোলনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করতে নানাভাবে চেষ্টা করছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ছুটি ঘোষণার পর রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করে। এরপর প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনা করবেন বলে আশ্বাস দিলে শিক্ষক সমিতি তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে। তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩১৫ ঘ.