গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীরা গত ১৬ মে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে।
নাওজোড় মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুয়েটের শিক্ষার্থীরা সকাল সকল সাড়ে ১১ টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে জাগ্রত চৌরঙ্গীর নীচে মহাসড়কে বসে পড়ে সড়কে অবরোধ সৃষ্টি করে সামাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়; কয়েকশ’ যানবাহনের যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
সামাবেশ শেষে দুপুর সোয়া ১ টার দিকে তারা ফিরে গেলে ওই সড়কে আবার যানচলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২০ঘ.
bdnews24