ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা বিরতির কারণে নবম শ্রেণীতে নিবন্ধন না পাওয়া শিক্ষার্থীদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিবন্ধনহীন শিক্ষার্থীদের তালিকা পাঠাতে সোমবার ঢাকা শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে।
২০১০ সালের আগে যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে শিক্ষা বিরতি দিয়ে নমব শ্রেণীতে ভর্তি হয়েছিল তারা এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন পাচ্ছিলন না।
২০১১ সালে নবম শ্রেণীতে ভর্তির নতুন নীতিমালা জারি হওয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি তাদের নিবন্ধন দিচ্ছিল না বিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১০ সাল থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জেএসসি পরীক্ষা প্রবর্তিত হয়।
এদিকে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন এলাকার ১৭টি স্কুলের শতাধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিবন্ধন দেওয়ার দাবিতে মানবন্ধন করেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নবম শ্রেণীতে নিবন্ধন না পাওয়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মানবিক বিবেচনায় ব্যবস্থা নিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেন।
বোর্ডের সুপারিশ পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩১৬ ঘ.
bdnews24