২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেশন জট কমানোর দাবিতে সড়ক অবরোধ

সেশন জট কমানোসহ সাত দফা দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

গাজীপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেশন জট কমানোসহ সাত দফা দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী। নাওজোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সোমবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে সেশন জট কমানোর দাবি জানাতে থাকে। এক পর্যায়ে কিছু শিক্ষার্থী কয়েকটি গাড়ি ভাংচুর করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করায় সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘণ্টাখানেক পর শিক্ষার্থীদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে ইকবাল হোসেন জানান। সেশনজট নিরসন ছাত্র পরিষদের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন জানিয়ে পরিষদের সভাপতি খন্দকার রায়হান বলেন, “মঙ্গলবার দুপুর আড়াইটায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন ভিসি।” শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের স্থায়ী সমাধানসহ একাডেমিক ক্যালেণ্ডার প্রকাশ ও সঠিক বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই সম্পূর্ণ সিলেবাস প্রদান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণ এবং তিন মাসের মধ্যে ফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিকেন্দ্রীয়করণের সঠিক বাস্তবায়ন, সব প্রশ্নপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক প্রণয়ন এবং মান উন্নয়ন পদ্ধতি কমপক্ষে বি গ্রেড পর্যন্ত চালু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানোর দাবিতে এর আগেও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮০০ ঘ.