রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। পরে বেলুন ওড়ানো হয়।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে বৃক্ষরোপন করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, বর্তমান বিশ্বায়নের এই যুগে মানসম্মত উচ্চশিক্ষা ও উদ্ভাবনমূলক গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা নিরন্তর কাজ করে যাচ্ছেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আব্দুর রহমান, রেজিস্টার অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।
এ ছাড়াও বিকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৫৩ সালের ৬ জুলাই সাতটি বিভাগ এবং ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বর্তমানে ৯টি অনুষদের ৪৭টি বিভাগে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এবং ১২শ’ শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৪৪ ঘ.
bdnews24